Spread the love

প্রিয় কুমিল্লা ডেক্স

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি খবর নিয়ে সারাদিন জুড়ে ব্যাপক আলোচনা চলছে। ঢাকা–৫ (যাত্রাবাড়ী–ডেমরা) আসনে জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন—এমন দাবি দুপুর থেকেই বিভিন্ন প্ল্যাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই বিষয়টিকে সত্য ধরে নিয়ে অভিনন্দন বার্তাও দিতে শুরু করেন।

তবে খবরটি সম্পূর্ণ গুজব বলে নিশ্চিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের জানান, “আজহারীকে জামায়াতের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে—এ খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। এমনটি হওয়ার কোনো সম্ভাবনাও নেই।”

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভুয়া তথ্য নিয়ে জনগণকে বিভ্রান্ত না হতে হবে। রাজনৈতিক প্রার্থীতা সম্পর্কিত যেকোনো তথ্য যাচাই-বাছাই করে নেওয়ার আহ্বান জানায় জামায়াত।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টগুলোর সূত্র ধরে দুপুর থেকেই আলোচনা বাড়তে থাকে। বিভিন্ন পেজ ও গ্রুপে আজহারীর ‘মনোনয়ন প্রাপ্তি’ নিয়ে মন্তব্য, পোস্ট ও অভিনন্দনবার্তা দেখা যায়। অনেক অনুসারী বিষয়টি সত্য ভেবে প্রতিক্রিয়া জানাতে থাকেন।

উল্লেখ্য, ঢাকা–৫ আসনটি ঐতিহ্যগতভাবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। আসনটি ঘিরে এবারও নীতিনির্ধারকদের মধ্যে আলোচনার মাত্রা বেশি। দলীয় সূত্রে জানা গেছে, নতুন প্রার্থী নিয়ে জামায়াতের নীতিনির্ধারকেরা পুনর্বিবেচনা করছেন। এদিকে একই আসন থেকে কামাল হোসেন নামের একজন সম্ভাব্য প্রার্থী ইতোমধ্যে জামায়াতের হয়ে মাঠে প্রচার চালাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *