প্রিয় কুমিল্লা ডেক্স :
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে ২০টি মাদরাসা ও এতিমখানায় সৌদি সরকারের পাঠানো খেজুর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এসব খেজুর বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রমজান মাসে এতিম ও অসহায় মানুষের ইফতারের বিষয়টি বিবেচনায় রেখে সৌদি সরকারের পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে এসব খেজুর পাঠানো হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় তা বিতরণ করা হয়েছে।
খেজুর বিতরণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, পবিত্র রমজান মাসে এতিম ও অসহায় মানুষের ইফতারের কথা বিবেচনা করে সৌদি আরবের পক্ষ থেকে মানবিক সহায়তার অংশ হিসেবে খেজুর পাঠানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী এসব খেজুর বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হচ্ছে।
উন্নত মানের এসব খেজুর পেয়ে মাদরাসা ও এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কামাল হোসেন বলেন, এ ধরনের মানবিক সহায়তা সমাজের অসহায় ও এতিম শিশুদের মাঝে আনন্দ ও উৎসাহ জুগিয়েছে। এজন্য মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরা সৌদি সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
