Spread the love

মো: সাইফুল ইসলাম ভুইয়া


কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ ও শিখন ঘাটতি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে উপজেলার ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন। সঞ্চালনা করেন সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ ইবনে হোসাইন। এছাড়া সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জয়নাল আবেদীনসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা জাহান বলেন, ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত হবে। শিক্ষার্থীরা চিত্র ও শব্দের মাধ্যমে সহজে শিখতে পারবে, যা তাদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। সরকারের লক্ষ্য হলো—প্রতিটি শিশু মানসম্মত শিক্ষা লাভ করে সুনাগরিক হিসেবে গড়ে উঠুক। এজন্য প্রাথমিক শিক্ষায় শেখার ঘাটতি পূরণে শিক্ষক ও অভিভাবকদের একসাথে কাজ করতে হবে। সরকারের এই উদ্যোগ শুধু ডিজিটাল বাংলাদেশ নয়, স্মার্ট বাংলাদেশের ভিত্তি গঠনে সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *