প্রিয় কুমিল্লা ডেক্স
কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন জসিম বলেছেন, জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেলে দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। সে সঙ্গে একটি উন্নত, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে মানুষ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশন মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময়, একটি উন্নত ও সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়তে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৫ (বুড়িচং ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন জসিম।
বিএনপি মনোনীত এই প্রার্থী বলেন, বিএনপি ভোট কারচুপি, কেন্দ্র দখল কিংবা দিনের ভোট রাতে করার রাজনীতিতে বিশ্বাস করে না। দলটি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। এ কারণেই বিএনপি চেয়ারপারসন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বিশ্বরাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি দেশ ও জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো স্বৈরশাসকের সঙ্গে আপস করেননি। রাজনীতিতে তাঁর ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করবে।
তিনি আরও বলেন, জাতির প্রতিটি সংকটে বিএনপি জনগণের পাশে ছিল এবং এখনো আছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত নির্বাচনী ইশতেহার একটি সমৃদ্ধ রাষ্ট্র গড়ার অনন্য দলিল।
ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরে জসিম উদ্দিন জসিম বলেন, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড, কৃষি উৎপাদনে সহায়তায় কৃষক কার্ড চালু করা হবে। পাশাপাশি দুর্নীতিমুক্ত ও মানবিক চিকিৎসা ব্যবস্থা, কর্মমুখী শিক্ষা, তরুণদের জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি করা হবে। বিএনপি জনগণের কাছে দেওয়া অঙ্গীকার কখনো ভঙ্গ করেনি। বিএনপি যে স্বপ্ন দেখায়, সেই স্বপ্ন বাস্তবায়ন করে—এটি প্রমাণিত সত্য।
তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে আগামী পাঁচ বছরে জনগণের স্বপ্ন পূরণ করা হবে। দারিদ্র্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। একই সঙ্গে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার সব অসমাপ্ত উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ।
নির্বাচনী এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা জেলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সমন্বয়ক ও সাবেক সাংসদ হাজী আমিনুর রশিদ ইয়াছিন। সভায় সভাপতিত্ব করেন শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মোরশেদ আলম।
বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ মজিবুর রহমান মজু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমেদ এবং ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শশীদল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মিন্টু। এ সময় জেলা, উপজেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
