প্রিয় কুমিল্লা ডেক্স
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে কড়া প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে সোমবার (২ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাহমুদা জাহান এর সভাপতিত্বে সভায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার, আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রেজওয়ান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম, বিজিবির ক্যাম্প কমান্ডার এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা।
সভায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিতকরণ, আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার, মোবাইল কোর্ট পরিচালনা, গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সমন্বিত ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা দুলালপুর ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় ভোটকেন্দ্রগুলোতে স্থাপিত সিসিক্যামেরা কার্যক্রম, ওয়াশব্লক ও স্যানিটেশন ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ, ভোটকেন্দ্রের ভৌত পরিবেশ এবং সার্বিক নিরাপত্তা প্রস্তুতি পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি কেন্দ্র সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সার্বক্ষণিক নজরদারি রাখা হবে এবং নির্বাচন ও গণভোটের দিন পর্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে জানান।
