Spread the love

প্রিয় কুমিল্লা ডেক্স :


কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সেচ পাম্প চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবু কাউসার (৩৫) নামের এক প্রবাস ফেরত যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার চান্দলা ইউনিয়নের চারিপাড়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, শোকে বিহ্বল হয়ে পড়েছে পরিবার।
নিহত আবু কাউসার ওই গ্রামের তাজুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন। মাত্র ১২ দিন আগে তিনি দেশে ফিরেছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার সকালে আবু কাউসার বাড়ির পাশের জমিতে পানি দিতে যান। এ সময় সেচ পাম্প চালু করার চেষ্টা করলে হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। তবে ততক্ষণে তার মৃত্যু হয়। পরে মরদেহ বাড়িতে আনা হয়।
পরিবারের সদস্যরা জানান, একই দিন সন্ধ্যায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আবু কাউসারের দাফন সম্পন্নের প্রস্তুতি নেওয়া হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “ঘটনাটি আমরা সংবাদকর্মীদের মাধ্যমেই জানতে পেরেছি। এখনো থানায় কেউ লিখিতভাবে কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এই অকাল মৃত্যুতে চারিপাড়া গ্রামের সর্বত্র শোকের ছায়া নেমে আসে। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা পরিবারটিকে সান্ত্বনা দিতে ছুটে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *