Spread the love

প্রিয় কুমিল্লা ডেক্স “


ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপসহ প্রায় ১ কোটি ২৭ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি ও জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৮ মার্চ) ভোরে উপজেলার কাজিয়াতলী সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ-এর সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল আনুমানিক ৬টার দিকে কাজিয়াতলী বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ২০৩১/এম শূন্য লাইন থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জয়নগর এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় একটি পিকআপসহ ১ হাজার ২৬৬ পিস ভারতীয় শাড়ি ও ৬৩০ কেজি জিরা জব্দ করা হয়।
জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৭ লাখ ১৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা পিকআপ ও মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *