প্রিয় কুমিল্লা ডেক্স :
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ ২০২৬) সকালে চান্দলা করিমপুর ঈদগাহ মাঠে গজারিয়া একতা ক্লাবের উদ্যোগে এ খেলা আয়োজন করা হয়।
এ আয়োজন স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। প্রীতি ম্যাচে অংশ নেয় গজারিয়া সিনিয়র একাদশ ও গজারিয়া জুনিয়র একাদশ। দুই দলের খেলোয়াড়রা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করেন। প্রতিযোগিতাপূর্ণ খেলাটি ছিল উপভোগ্য ও উত্তেজনাপূর্ণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গজারিয়া একতা ক্লাবের উপদেষ্টা হাফিজুর রহমান সরকার কাউছার। তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস জাতির গৌরবময় একটি অধ্যায়। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরিফ খান আকাশ। তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। গজারিয়া একতা ক্লাব সবসময় সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা বজায় থাকবে।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক, শিক্ষক, অভিভাবক এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রীতি ক্রিকেট ম্যাচ শুধু একটি খেলা নয়; বরং এটি ছিল স্বাধীনতার চেতনায় তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করার একটি ইতিবাচক প্রয়াস।
