Spread the love

প্রিয় কুমিল্লা ডেক্স :


কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ‘বি-স্ট্রং’ প্রকল্পের আওতায় বস্তায় আদা চাষ প্রদর্শনী কার্যক্রম শুরু হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে উপজেলার ২৩ জন কৃষককে অন্তর্ভুক্ত করে প্রতিটি প্রদর্শনীতে ৫০টি করে বস্তায় আদা চাষ করা হবে।
সোমবার (৩১ মার্চ) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের মাঝে বীজ, জিও ব্যাগ, জৈব সার, রাসায়নিক সার ও বালাইনাশক বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মজিবুর রহমান এসব উপকরণ বিতরণ করেন।
এ সময় উপজেলার বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক কৃষাণীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল মতিন বলেন, বস্তায় আদা চাষ একটি আধুনিক ও লাভজনক পদ্ধতি। এতে কম জমিতে বেশি উৎপাদন সম্ভব এবং রোগবালাই তুলনামূলক কম হয়। তিনি আরও বলেন, ‘বি-স্ট্রং’ প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উপকরণ সহায়তা দেওয়া হচ্ছে, যা তাদের আয় বৃদ্ধি ও স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ ধরনের প্রদর্শনী কার্যক্রমের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করাই মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *